সঙ্গীত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সঙ্গীত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বিশ্বসঙ্গীতের একটুকরো কথা

 

সঙ্গীত আত্মার প্রতিধ্বনি আর সঙ্গীতের স্বর বিশ্বজনীন। দেশে দেশে বিষয় ও ভাববস্তু আলাদা হলেও, সঙ্গীতের অন্তর্গত ঐক্য চৈতন্যের গভীরে প্রোথিত। হয়তো কেউ কেউ গান গাইতে পারেন না। কিন্তু সুরের স্বর তাদেরকে মুগ্ধ করে। বাঁশী, সেতার কিংবা বেহালার সুর মুগ্ধ করে না, বিমোহিত চৈতন্য সৃষ্টি হয় না—এমন মানুষ বিরল। সা, রে, গা, মা, পা, ধা, নি উপমহাদেশ ছাড়াও মোটামুটি বিশ্ব ঐতিহ্যে সমরূপ। কোথাও সপ্তস্বরের পরিবর্তে পঞ্চস্বর থাকলেও স্বরের খাদ নির্ভরতায় সমস্বরেই আবির্ভূত হয়। অর্থাৎ সপ্তস্বর একটি বিশ্বজনীন ব্যাপার। মানুষের ভাষার ধ্বনি যখন লিখিত রূপ পায়, তখন তা হয় বর্ণমালা। আর সঙ্গীতের স্বর লিখিত হলে, তা হয় স্বরলিপি। বর্ণমালায় মিল না থাকলেও, সঙ্গীতের স্বরের জগতে রয়েছে অপূর্ব মিল। আবার মানুষে মানুষে ভাষা ও উচ্চারণ স্বতন্ত্র হলেও, সঙ্গীতের ভাষা মূলত এক। বাদ্যযন্ত্রের প্রকৃতি আলাদা হতে পারে, কিন্তু বাদ্যযন্ত্র থেকে উদ্গত সুরে কোনো পার্থক্য নেই। তাই সঙ্গীত মানুষে মানুষে ভাষা ও ভাবের পার্থক্য সত্ত্বেও, চিত্তকে একীভূত ও আত্মাকে দ্রবীভূত করতে পারে।